সন্ত্রাসবাদ প্রতিরোধে মুক্ত ধারার সংস্কৃতি সৃষ্টির আহ্বান স্পিকারের

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৭:৪৩
স্পিকার এবং সিপিএ'র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মুক্ত ধারার সাংস্কৃতিক গণজাগরণ সৃষ্টির আহ্বান জানিয়েছেন।
 
তিনি বলেন, 'সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রতিহত করতে হলে অন্যান্য সকল ধরনের পদক্ষেপের পাশাপাশি সাংস্কৃতিক আন্দোলনকেও জোরদার করতে হবে।'
 
তিনি গতকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটি আয়োজিত ৯ম মৈত্রী উৎসব-২০১৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
 
এ সময় স্পিকার বলেন, 'রক্ত দিয়ে আমারা ইতিহাস রচনা করেছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুসলমান, হিন্দু, বৌদ্ধসহ দেশের সকল শ্রেণি ও পেশার মানুষ স্বাধীনতা সংগ্রামে অংশ নেয় এবং দেশের স্বাধীনতা অর্জন করে।'
 
বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় বিশ্বাস করে এমন অভিমত ব্যক্ত করে তিনি বলেন, 'সেটাই আমাদের অঙ্গীকার এবং সেটাই আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধারণ করে আমরা বেঁচে থাকতে চাই।'
 
সার্ক কালচারাল সোসাইটির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে নৌ -পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিম বঙ্গ প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক প্রীতম ঘোষ, আসামের সাবেক বিধায়ক পদ্মশ্রী অজয় দত্ত, আসাম বিধান সভার বিধায়ক শিলাদিত্য দেব, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নকুল চন্দ্র সাহা এবং রোটারিয়ান আলহাজ্ব কামাল উদ্দিন।
 
প্রধান অতিথি প্রদীপ জ্বালিয়ে দু'দিনব্যাপী ৯ম সার্ক মৈত্রী উৎসব -২০১৬ এর উদ্বোধন করেন এবং ভারত থেকে আগত অতিথিবৃন্দের মধ্যে সম্মাননা স্মারক প্রদান করেন। পরে অনুষ্ঠানে অতিথিদের সম্মানে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস