বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে পিপিপি’র গোলটেবিল বৈঠক

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৯:০৩
‘বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে পিপিপি’র বর্তমান অবদান ও ভবিষ্যত পরিকল্পনা’ বিষয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হলো। শনিবার ঢাকার মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টারে বৈঠকটি আয়োজন করে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ও বিজ্ঞাপনী সংস্থা ওয়াটারমার্ক এমসিএল। এবিষয় নিয়ে বেশ কয়েকটি গোলটেবিল বৈঠক আয়োজন করতে যাচ্ছে সংস্থা দুটি।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর কার্য্যালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোসলেম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন, ডিসিসিআই এর সভাপতি হোসাইন খালেদ। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় কর্মকর্তাবৃন্দ।
 
অনুষ্ঠানে পিপিপি’র বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন পিপিপি অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আফসর এইচ উদ্দিন। তিনি পিপিপি’র ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী পিপিপি’র সাফল্যে অনুপ্রাণিত হয়েই বাংলাদেশ ভিশন ২০২১ বাস্তবায়নকল্পে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে পিপিপি কার্যক্রম শুরু করেছে।
 
তিনি আরো জানান, বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে নিজেকে উন্নত দেশের সারিতে দেখতে চায়।
 
আলোচনায় বক্তারা সফলভাবে সমাপ্ত হওয়া বিভিন্ন কর্মকান্ড এবং চলমান কার্যক্রম যেমন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হেমোডায়ালাইসিস সেন্টারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ইস্যু যেমন প্রাকৃতিক গ্যাস উত্তোলন, কয়লা ও এলএনজি আমদানি, এনার্জি সেক্টর, ইত্যাদি বিষয় আলোচনায় উঠে আসে।
 
২০২১ সালের মধ্যে সবার কাছে বিদ্যুৎ পৌছানোর আশাবাদও ব্যক্ত করা হয়। এছাড়া বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পিপিপি’র সফলতার পথে সম্ভাব্য প্রতিবন্ধকতা ও তা থেকে উত্তোরণের উপায় নিয়েও বক্তারা বিস্তারিত আলোচনা করেন।
 
আলোচনায় অংশগ্রহণের জন্যে মোসলেম চৌধুরী পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। তিনি আশা করেন যে, পিপিপি কার্যক্রমসমূহের সফল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে এবং টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সক্ষম হবে।
 
ইত্তেফাক/এমএইচ