বড় লিডের পথে ইংল্যান্ড

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:৩৫
রাজকোট টেস্টের চতুর্থ দিন শেষে প্রথম দুই ইনিংসে সেঞ্চুরি হয়েছে ৫টি। রান হয়েছে ১ হাজারেরও বেশি। ফলে নিশ্চিতভাবেই ড্র’র দিকে এগিয়ে যাচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি। 
 
তারপরও চতুর্থ দিন শেষে ১৬৩ রানের লিড ইংল্যান্ডের। ভারতকে প্রথম ইনিংসে ৪৮৮ রানে অলআউট করে দিয়ে প্রথম ইনিংস থেকে ৪৯ রানের লিড পায় ইংলিশরা। সেই লিড আরও বেড়েছে দিন শেষে। কারণ নিজেদের দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ১১৪ রান করেছে ইংল্যান্ড। 
 
তৃতীয় দিনের শেষ চার বলে দুই ব্যাটসম্যানকে হারিয়ে ৪ উইকেটে ৩১৯ রান তুলে মনঃকষ্ট নিয়ে খেলা শেষ করে ভারত। তবে সেই মনঃকষ্ট ভুলে, প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৫৩৭ রানকে স্পর্শ করার লক্ষ্যে চতুর্থ দিনের খেলা শুরু করে টিম ইন্ডিয়া।
 
কিন্তু দিনের প্রথম সেশনেই ভারতের লক্ষ্যকে কঠিন করে দেন ইংল্যান্ডের বাঁ-হাতি অফ স্পিনার জাফর আনসারি ও ডান হাতি লেগ-স্পিনার আদিল রশিদ। আজিঙ্কার রাহানেকে ১৩ রানেই বোল্ড করে দেন আনসারি।
 
রশিদের ১৯তম ওভারের তৃতীয় বলটি পুল করে পপিং ক্রিজের পেছনের দিকে চলে যান কোহলি। পেছনে দিকে চলে যাওয়ায় তার বাঁ-পা গিয়ে আঘাত করে স্ট্যাম্পে। ফলে হিট-উইকেট হন কোহলি। ফলে ৪০ রানেই থেমে যায় ভারত দলপতির ইনিংসটি। এতে প্রথম ইনিংসে ইংল্যান্ডের রানকে স্পর্শ করা অনেকাংশেই কঠিন হয়ে পড়ে।
 
রাহানে ও কোহলি ফিরে যাবার পর ভারতের পালে রানের হাওয়া যুগিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। ফলে ৩৪৯ রাহানে ও ৩৬১ রানে কোহলির বিদায়ের পর অশ্বিন ও ঋদ্ধিমানের জুটিতে ৬ উইকেটে ৪১১ রান নিয়ে মধাহ্ন বিরতিতে যায় ভারত।
 
মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে এসেই ঋদ্ধিমানের উইকেট তুলে নেন ইংল্যান্ডের মঈন আলী। ৬৪ রানের সপ্তম উইকেট জুটি ভেঙ্গে আবারো ইংল্যান্ডকে খেলায় ফেরান মঈন। ৩৫ রান করে ফিরেন ঋদ্ধিমান। এরপর রবীন্দ্র জাদেজাকে নিয়ে আবারো সামনের দিকে এগোতে থাকেন অশ্বিন। কিন্তু খুব বেশি দূর যেতে পারেনি এই জুটি। ব্যক্তিগত ১২ রানে জাদেজাকে ফিরিয়ে ২৪ রানের অষ্টম জুটি ভাঙ্গেন রশিদ।
 
ফলে ৫শ’র নিচেই গুটিয়ে যাবার শংকায় পড়ে ভারত। সেটি না হবার জন্য আপ্রাণ চেষ্টা করেন অশ্বিন। দশ নম্বর ব্যাটসম্যান উমেশ যাদব দলীয় ৪৫৯ রানে ফিরে যাবার পর শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সামিকে নিয়ে আপ্রাণ লড়াইয়ের নমুনা দেখান অশ্বিন। কিন্তু অশ্বিনের আপ্রাণ লড়াইটি বিফল করে দেন মঈন। এরপর অশ্বিনকে ব্যক্তিগত ৭০ রানে ফিরিয়ে দেন মঈন। ফলে ৪৮৮ রানে থেমে যায় ভারত ইনিংস। ১৩৯ বল মোকালোয় ৭টি বাউন্ডারিতে দারুণ কার্যকর একটি ইনিংস খেলেন অলরাউন্ডার অশ্বিন।
 
ইংল্যান্ডের পক্ষে রশিদ ৪টি, আনসারি ও মঈন ২টি করে উইকেট নেন। 
 
ভারতকে ৪৮৮ রানে গুটিয়ে দিয়ে প্রথম ইনিংসে ৪৯ রানের লিড পায় ইংল্যান্ড। সেই লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে বিনা উইকেটে ১১৪ রান করেছে ইংল্যান্ড। লিড ১৬৩ রানের। হাসিব হামিদ ৬২ ও অধিনায়ক অ্যালিষ্টার কুক ৪৬ রানে অপরাজিত আছেন।
 
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে) :
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৫৩৭/১০, ১৫৯.৩ ওভার (স্টোকস ১২৮, রুট ১২৪, মঈন ১১৭, জাদেজা ৩/৮৬, সামি ২/৬৫)। 
 
ভারত প্রথম ইনিংস : ৪৮৮/১০, ১৬২ ওভার (বিজয় ১২৬, পূজারা ১২৪, অশ্বিন ৭০, রশিদ ৪/১১৪)। 
 
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস : ১১৪/০, ৩৭ ওভার (হামিদ ৬২*, কুক ৪৬*)। 
 
ইত্তেফাক/এমএইচ