যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার আহ্বান নৌ মন্ত্রীর

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৯:৩৭
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান যুদ্ধাপরাধীদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, 'যুদ্ধাপরাধীদের সম্পদ ও প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে হবে।'
 
বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত 'বিএনপি-জামায়াতের অশুভ রাজনীতি প্রতিরোধ' বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয় এতে সভাপতিত্ব করেন। এ সময় শাজাহান খান যুদ্ধাপরাধীদের উত্তরাধিকারীদের নাগরিকত্ব বাতিলের আহ্বান জানান।
 
২০১৫ সালে ধ্বংসাত্মক কার্যক্রমের জন্য বিএনপি'র সমালোচনা করে তিনি বলেন, 'হরতাল ও অবরোধের নামে দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রম ছড়িয়ে দিতে বিএনপি-জামায়াত এবং অন্যান্য অপশক্তিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।'
 
আসছে সাধারণ নির্বাচনে অংশগ্রহণে বিএনপি চেয়ারপার্সনের আগ্রহের কথা তুলে ধরে নৌমন্ত্রী বলেন, 'আপনি (বেগম জিয়া) প্রথমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতিপূরণ দিন, তারপর নির্বাচনে অংশ নিন।
 
তিনি বলেন, 'তাদের প্রতারণার ব্যাপারে জনগণ সজাগ রয়েছে এবং তারা রাষ্ট্রের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র প্রতিরোধ করবে।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস