পয়েন্ট ভাগাভাগি করলো মোহামেডান ও ফেনী সকার

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৮:৪৬
টানা ছয় ম্যাচ হারার পর অবশেষে ১ পয়েন্ট পেল সকার ক্লাব ফেনী। শনিবার বিকালে ১৪তম ম্যাচে ময়মনসিংহে বীরমুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে মোহামেডান ও সকার ক্লাব ফেনী ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভগি মাঠ ছাড়ে এ ২টি দল।
 
ম্যাচের ৪০ মিনিটে প্রথম সুযোগ পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। বক্সের সামান্য বাইরে থেকে ইয়া সি’র নেয়া দুর্দান্ত এক ফ্রি কিক কোন মতে লুফে নেয় ফেনীর গোলরক্ষক ওসমান গণি। প্রথমার্ধের পুরো ৪৫ মিনিটেই নিরুত্তাপ খেলা হলেও দ্বিতীয়ার্ধে অনেকটাই প্রাণবন্ত খেলা উপহার দেয় উভয় দল।
 
খেলার ৪৭ মিনিটে আবারো সুযোগ পায় মোহামেডান। বাঙ্গুরার দেয়া পাসে প্যাট্রিস বলে পা ছোঁয়াতেই পারলেই গোল উৎসব করতে পারতো দলটি। মিস করে মোহামেডান। তবে ৫২ মিনিটে মাসুক মিয়া জনির ডি-বক্সের ভেতর থেকে জোড়ালো এক শট ফেনীর জালে বল ঢুকে যায়। ১-০ তে এগিয়ে যায় মোহামেডান।
 
IMG0
 
এর ৩ মিনিট পরেই গোল শোধ করতে পারতো ফেনী। উচে ফেলিক্সের দূরন্ত এক শট ক্রসবারে লেগে ফিরে আসে। দূর্ভাগ্য ফেনীর। তবে গোল শোধে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি লাডি বাবা লোলার শিষ্যদের। ৫৬ মিনিটে ডান প্রান্ত থেকে মাহবুবুল ইসলাম হিমুর ফ্রি কিক বুক দিয়ে রিসিভ করে ওমর ফারুক।
 
সেখান থেকে বল যায় গোলরক্ষকের সামনে দাঁড়ানো ফেলিক্সের পায়ে। আলতো টোকায় বল ঢুকিয়ে দেয় মোহামেডানের জালে। সমতায় ফিরে শাহরান হাওলাদারের দল। পরে দু’দলই একবার করে সুযোগ পায় গোলের। ৭৬ মিনিটে ফেণীর নাইজেরিয়ান স্ট্রাইকার ফেলিক্স মাঝ মাঠ থেকে জোড়ালো শট নিলেও গোল পোস্টের সামান্য উপর দিয়ে বলটি বাইরে চলে যায়। ৮৭ মিনিটে ইসমাইল বাঙ্গুরার গোল রক্ষককে একা পেয়ে মাঝ মাঠ থেকে শট নিলেও ডান দিকে লাফিয়ে পরে বলটি অস্বাধারণ নৈপূন্যতা ও দক্ষতায় গ্লাভসবন্দি করেন ফেনী সকারের গোলরক্ষক ওসমান গণি।
 
IMG1
 
মোহামেডানের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু সংবাদ সম্মেলনে বলেন, ভালো খেলেও হোঁচট খেয়েছি। সব খেলোয়ার শতভাগ খেলা উপহার দিতে পারেনি। ২টি সাইট বেগ ব্যাথার কারনে খারাপ খেলেছে। মিডফিল্ড রানিং করতে পারেনি। গোলকিপারের ভুল আছে। বিকল্প কোন গোল কিপার না থাকায় একজন গোলকিপার দিয়েই খেলতে হচ্ছে। তবু দল ভালো খেলেছে। আমরা ঘুরে দাড়িয়েছি। 
 
ফেনী সকার ক্লাবের সহকারী কোচ জহির উদ্দিন কিসমত সংবাদ সম্মেলনে বলেন, খেলার শুরুটা ভালো ছিল। জেতার চেষ্টা করেও পারিনি। দলে কিছুটা সেমি মিস্টেক ও ছন্দপতন হয়েছে। ফলে আমাদের খেলা খারাপ হয়েছে।
 
মোহামেডানের ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৯-এ অবস্থান। আর সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফেনি সকার ক্লাব পয়েন্ট টেবিলে ১১তম অবস্থানে রয়েছে। খেলা শেষে মোহামেডান ও সকার ক্লাব ফেনী সংবাদ সম্মেলন করেন।  
 
ইত্তেফাক/এমএইচ