'শিক্ষানীতিতে কোন দলের বিরোধিতা না করাটা শুভ লক্ষণ'

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১৯:৫০
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'বাংলাদেশে কোন ইস্যুতেই সরকারি দল, বিরোধী দল একমত হয়েছে এমন ইতিহাস নেই। শুধু শিক্ষানীতির ব্যাপারে কোন দল বিরোধিতা করেনি, সবাই সমর্থন করেছে। এটা খুবই শুভ লক্ষণ।'
 
তিনি বলেন, 'ভবিষ্যত প্রতিযোগিতামূলক বিশ্বে আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে সেই লক্ষ্যেই দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে নতুন শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে।'
 
মন্ত্রী শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউ আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওয়াইফাই জোন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এই কথা বলেন।
 
ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেনসহ প্রমুখ।
 
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, 'জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি নিয়ে এদেশের শিশুরা বেড়ে উঠবে। নতুন প্রজন্ম হবে আধুনিক বাংলাদেশ গড়ার সুদক্ষ নির্মাতা। আমরা তাদের সেভাবেই গড়ে তুলতে চাই।'
 
'হাজার বছর ধরে আমাদের দেশের অনেক মানুষ পেট ভরে খেতে পারতো না।' এমনটি উল্লেখ করে তিনি বলেন, 'কিন্তু এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। মানুষ এখন পেট ভরে খেতে পারছে, তাদের জীবনমানের অনেক পরিবর্তন হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ যখন মধ্যম আয়ে পৌঁছাবে তখন হয়তো দারিদ্র থাকবে কিন্তু অতি দারিদ্র থাকবে না।'
 
মন্ত্রী বলেন, 'আগে শতকরা ৫০জন শিশু স্কুলে আসতো, বাকিরা স্কুলেই আসতো না। যারা আসতো তাদের মধ্যে ৪৮ শতাংশ নবম শ্রেণিতে উঠার আগেই ঝড়ে পড়তো। এখন ৯৯ দশমিক ৪৭ শতাংশ শিশু স্কুলে আসে। এদের মধ্যে ২/১ শতাংশ হয়তো ঝড়ে পড়ে।' -বাসস।
 
ইত্তেফাক/এসএস