আন্তর্জাতিক জুনিয়র টেনিসে চ্যাম্পিয়ন চীনের জিংই ও ভারতের রিসাব

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ২০:০৪
আইটিএফ জুনিয়র টেনিসের বালিকা এককে চীনের জিংই ওয়াং ও বালক এককে ভারতের রিসাব শারদা চ্যাম্পিয়ন হয়েছেন। শনিবার রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত বালিকা এককের ফাইনালে জিংগি ওয়াং ৬-২, ৬-২ গেমে ভারতের কেশপ তানিশাকে হারিয়ে শিরোপা জেতেন।
 
বালক এককের ফাইনালে ভারতের রিসাব শারদা ৬-৪, ৭-৬ গেমে কোরিয়ার চ্যাং ওক পার্ককে হারিয়ে চ্যাম্পিয়ন হন। বালক দ্বৈতে শিরোপা জিতেছেন ভারতের গুঞ্জন জাদেশ ও সাচ্চি শর্মা জুটি। তারা ৪-৬, ৬-৪, ১০-৪ গেমে কোরিয়ার দিহান কিম ও জংহান লি জুটিকে হারিয়েছেন।
 
বালিকা দ্বৈতের ফাইনালে আমেরিকার ক্যাথি লাফ্রান্স ও কোরিয়ার মিন পার্ক জুটি ১-৬, ৬-৪ ও ১০-২ গেমে চীনের জুজিয়াও চে ও জিংজে ওয়াং জুটিকে হারান।
 
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এ সময় টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ার, সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন, আবু সালেহ মো: ফজলে রাব্বি খান ও টুর্নামেন্ট ডিরেক্টর লুৎফর রহমান ছান্টু উপস্থিত ছিলেন।
 
উল্লেখ্য, প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ মোট ১২টি দেশের ৫৯ জন বালক ও ৩৪ জন বালিকা মোট ৯৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী দেশ সমূহ হলো : বাংলাদেশ, চীন, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, সিংঙ্গাপুর, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, আমেরিকা এবং ভিয়েতনাম।
 
ইত্তেফাক/এমএইচ