'ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়ন হলে রাজস্ব সংগ্রহ স্বচ্ছ হবে'

আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ২১:৪০
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, 'ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়ন হলে মূসক প্রদানকারীরা হয়রানিমুক্ত হবেন। সরকারের রাজস্ব আয় বাড়বে এবং রাজস্ব সংগ্রহ প্রক্রিয়ায় আরো স্বচ্ছ হবে।
 
শনিবার সিলেট নগরীতে চেম্বার মিলনায়তনে এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের আওতায় কাস্টমস এক্সাইজ এন্ড কমিশনারেটের স্থানীয় কার্যালয় এবং সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত ভ্যাট অনলাইন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 
নজিবুর রহমান বলেন, 'আমাদের দেশে দিন দিন আয়কর আদায়ের পরিমাণ বাড়ছে। এটা দেশ ও জাতির জন্য ইতিবাচক বিষয়। আয়করের বিষয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি আয়কর পদ্ধতি আরো সহজ করা হবে। দেশের বর্তমান বিশাল উন্নয়ন যজ্ঞের মূলে রয়েছেন তারাই, যারা ভ্যাট-ট্যাক্স দিয়ে সরকারের কোষাগারকে সমৃদ্ধ করছেন।'
 
সভায় কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ চেম্বারের পরিচালক ও প্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস