গাইবান্ধার সাদুল্লাপুরে থানা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় হাছেন আলী (৬০) নামে আসামিকে ছিনিয়ে নেয়া হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন (পশ্চিম দামোদরপুর) এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় সাদুল্লাপুর থানার এসআই মো. মোজাম্মেল হককে কুপিয়ে আহত করা হয়। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এসআই মো. মোজাম্মেল হক জানান, জমি সংক্রান্ত দ্বন্দ্বের ঘটনায় সাদুল্লাপুর থানায় একটি দায়েরকৃত মামলার আসামি হাছেন আলী ও তার ছেলে লাইচ। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে হাছেন আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার ছেলে লাইচ ও পরিবারের নারী সদস্য তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে লাইচ দা দিয়ে আঘাত করে তার বাবা হাছেন আলীকে নিয়ে পালিয়ে যায়।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়ে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, এছাড়া পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে পুলিশের বেশ কয়েকটি টিম ওই এলাকায় অভিযান চালাচ্ছে।
ইত্তেফাক/এসএস
