সফল অস্ত্রোপচারে চোটমুক্ত রোহিত শর্মা

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১০:৫৩
গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ওয়ানডে ম্যাচে ডান পায়ের উরুতে গুরুতর চোট পেয়েছিলেন রোহিত শর্মা। সেজন্য রাজকোটে ইংল্যান্ডের গড়া রানের পাহাড় তাড়াকারীদের মাঝে ছিলেন না তিনি। তিনি ছিলেন তখন লন্ডনে, চোটমুক্ত হতে চিকিৎসকদের তত্ত্বাবধানে। শনিবার বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিতের অস্ত্রোপচার সফল হয়েছে।
 
এদিন বোর্ডের মেডিক্যাল টিম জানিয়েছে, শুক্রবার লন্ডনের হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে রোহিতের। ২৪ ঘণ্টা পর তাকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাইশ গজে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
 
সফল অস্ত্রোপচারের পর নিজের ছবি টুইটারে পোস্টও করেন ভারতীয় ব্যাটসম্যান। সঙ্গে লেখেন, 'সব ঠিকঠাক ছিল। আপনাদের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। দলে ফেরার জন্য মুখিয়ে রয়েছি।'
 
সম্পূর্ণ সুস্থ হয়ে দলে যোগ দিতে রোহিতের অন্তত ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে শুধু টেস্টই নয়, ওয়ানডে এবং টি-টোয়েন্টির দলেও থাকতে পারবেন না তিনি। এমনকি, ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাস্কার টেস্টেও তার দলে থাকা অনিশ্চিত বলে জানিয়েছে বিসিসিআই।
 
ইত্তেফাক/এএম