বাকপ্রতিবন্ধী মিতুর আঁকা ছবি কথা বলে

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:৫৪

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

বাকপ্রতিবন্ধী মিতু রানি দাস। কখনো তার শেখা হয়নি অঙ্কন শিক্ষা। দেখে বোঝার উপায় নেই শুধুমাত্র চোখের দেখায় প্রতিনিয়ত এঁকে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুর, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজিব ওয়াজেদ জয়সহ নানা গুণীজনের ছবি। যা দেখে অবাক হয়েছেন অনেকেই। পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি ঘোষপাড়া গ্রামের দরিদ্র কৃষক কুটিশ্বর দাস ও গৃহিণী সুমিত্রা রানি দাস দম্পতির ছোট মেয়ে মিতু। গতবছর এসএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে অকৃতকার্য হয় মিতু। সেই অকৃতকার্য হওয়া বিষয়ে আবারও পরীক্ষা দেয় সে। তবে অসাধারণ প্রতিভাবান ও মেধাবী এই তরুণীর ভাগ্যে জোটেনি কোনো ভাতা!

বাবা কুটিশ্বর ও মা সুমিত্রা রানি দাস বলেন, ‘বড় মেয়ের পর ছোট মেয়েও (মিতু) বাকপ্রতিবন্ধী হয়ে জন্ম নেওয়ায় খুব ভেঙে পড়েছিলাম। কিন্তু বড় হওয়ার পর তাকে (মিতু) স্কুলে ভর্তি করে দেই। ‘মেয়ের ভাতার কার্ডের জন্য বেশ কয়েকবার চেয়ারম্যানকে বলেছি। সমাজসেবা অফিসেও গিয়েছি। কিন্তু কোথাও সহযোগিতা পাওয়া যায়নি।’

চাটমোহর শিল্পকলা একাডেমির অঙ্কন শিক্ষক মানিক দাস বলেন, ‘বাকপ্রতিবন্ধী মিতুর আঁকানো চিত্রকর্ম দেখে আশ্চর্য হয়েছি। এটা ঈশ্বর প্রদত্ত ব্যাপার। না শিখেই মিতুর মধ্যে যে প্রতিভা আছে এর আগে কোথাও দেখিনি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মিতু অনেকদূর পৌঁছাবে।’ গত সোমবার মিতু চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাঁর স্ত্রী, সন্তানের ছবি এঁকে এনেছিলেন তাঁকে দিতে।

উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার বলেন, ‘বাকপ্রতিবন্ধী মিতুর চিত্রকর্ম আমাকে মুগ্ধ করেছে। তার জন্য ভাতার কার্ড করে দেওয়ার পাশাপাশি, মিতুর সুপ্ত প্রতিভা যেন বিকশিত হয় সে দায়িত্ব উপজেলা প্রশাসন থেকে নেওয়া হবে।’