মোনায়েম খানের নামে জমি বরাদ্দের বিষয়ে হাইকোর্টের রুল

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৬:৩৮
 
পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের নামে বনানীতে বাড়ি বরাদ্দের প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। রুলে কোন কর্তৃত্ব বলে তার নামে রাজধানীর বনানীতে পাঁচ বিঘা জমি সরকার বরাদ্দ দিয়েছিল তা জানতে চাওয়া হয়েছে। রাজউক চেয়ারম্যান, গৃহায়ন ও গণপূর্ত সচিব, সিটি করপোরেশন কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেব নাথের ডিভিশন বেঞ্চ রবিবার স্ব-প্রনোদিত হয়ে এ রুল জারি করেন। আদালতে আজ মোনায়েম খানের বাড়ি উচ্ছেদ সংক্রান্ত এক মামলার শুনানিকালে এ আদেশ দেয়া হয় বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
 
এর আগে গত ৩ নভেম্বর মোনায়েম খানের রাজধানীর বনানীর বাড়ির একাংশে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চালায়। পরে ওই উচ্ছেদ অভিযানকে ইতিহাসের ‘স্মরণীয় দিন’ অভিহিত করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। এই স্বাধীনতাবিরোধীর বাড়ির জমিটি বাজেয়াপ্ত করতে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মেয়র আনিসুল।
 
ইত্তেফাক/এএম।