কুষ্টিয়ায় নিরীহ এক কৃষককে বাড়ি থেকে ধরে নিয়ে সন্ত্রাসী সাজিয়ে ক্রসফায়ারে হত্যার দায়ে ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
কৃষক দাউদ হোসেন হত্যা মামলায় রবিবার কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মিজানুর রহমান এ আদেশ দেন।
গ্রেফতারি পরোয়ানা জারিকৃত তিন পুলিশ সদস্য হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, এসআই রবিউল ইসলাম ও কনস্টেবল ফারুক হোসেন।
আদালত সূত্রে জানায়, ২০০৭ সালের ১৯ জানুয়ারি কৃষক দাউদ হোসেনকে তার নামে মামলা আছে বলে নিজ বাড়ি থেকে এই তিন পুলিশ সদস্য ধরে নিয়ে আসে। পরে ক্রসফায়ারে হত্যা করার ভয় দেখিয়ে তার কাছে মোটা অংকের টাকা দাবি করা হয়। দাউদের পরিবার পুলিশের দাdhকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে পরদিন ২০ জানুয়ারি কৃষক দাউদ হোসেনকে সন্ত্রাসী হিসাবে পুলিশ মনগড়া অভিযোগ খাড়া করে তাকে ক্রসফায়ারে হত্যা করে। পরে দাউদের স্ত্রী রোমেছা খাতুন ওসিসহ তিন পুলিশের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ আদালতে দায়মুক্তি ফাইনাল রিপোর্ট (এফআরটি) দাখিল করে। পুলিশের দেওয়া ওই ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে নিহত দাউদ হোসেনের স্ত্রী নারাজি পিটিশন দাখিল করেন। আদালতে মামলাটি চলাকালে বিচারক রবিবার ওসিসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
ইত্তেফাক/ইউবি
