নাশকতার মামলায় শিমুল বিশ্বাসসহ ২২ জনকে গ্রেফতারের নির্দেশ

আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৮:৪৫
পল্টন থানার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ২২ জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
 
রবিবার বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। আগামী ২৭ জানুয়ারি এ মামলার গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য করেছেন বিচারক।
 
রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, এই মামলায় অন্যতম আসামিরা হলেন- বরকতউল্লাহ বুলু, মারুফ কামাল খান সোহেল  ও সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। বাকিরা সব সাধারণ আসামি।
 
এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় পল্টন থানায় নাশকতার মামলা দায়ের করা হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস