সেনা বিদ্রোহে উস্কানি দেয়ার মামলায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে হাইকোর্টের দেয়া জামিন ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই সময়ের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয়।
গত ১০ অক্টোবর বিচারপতি মোহম্মদ দস্তগীর হোসেন নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মান্নাকে এই মামলায় জামিন দেয়। জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
মান্নার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহম্মদ ইদ্রিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। গত দুই বছর তিনি এই মামলায় কারাগারে আছেন।
নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোনে ব্যক্তিগত কথপোকথনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে দুইটি মামলা হয়। একটিতে সেনা বিদ্রোহে উস্কানি এবং অন্যটিতে সরকারের উত্খাতের চেষ্টার জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়।
ইত্তেফাক/এএসএস
