বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মরক্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেনটি মরক্কোর উদ্দেশে ঢাকা ত্যাগ করে।
আগামী ১৫ ও ১৬ নভেম্বর উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। মরক্কোর রাজা মোহাম্মদ-এর বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিচ্ছে। প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে রয়েছেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলীসহ কয়েকজন সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিবেশ বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্ব।
মারাকাশের মিনারা বিমান বন্দরে স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় পৌঁছলে মরক্কোর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হাসান অভ্যর্থনা জানাবেন। মঙ্গলবার জলবায়ু সম্মেলনের উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য রাখবেন। এ ছাড়া সেদিন মরক্কোর বাদশা, জাতিসংঘ মহাসচিব ও কয়েকজন সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। বুধবার সকালে মারাকাশ থেকে বিশেষ বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ১২টায় এসে পৌঁছবেন।
ইত্তেফাক/কেকে
