জামায়াত আমির মকবুল আহমদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান আব্দুল হান্নান খান। সোমবার ধানমন্ডিস্থ সংস্থাটির প্রধান কার্যালয়ে মৌলভীবাজারের তিনজনের প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হান্নান খান বলেন, পত্রিকার রিপোর্টের ভিত্তিতে জামায়াত আমিরের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অগ্রগতি আছে। তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত তদন্ত শেষ করে জানানো হবে।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার তিন রাজাকারের বিরুদ্ধে পাচঁটি অভিযোগে তদন্ত চুড়ান্ত করেছেন তদন্ত সংস্থা।
ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, অপহরণ, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আব্দুল মান্নান ওরফে মনাই মিয়া (৬৪), আব্দুল আজিজ ওরফে হাবুল(৬৪) ও আব্দুল মতিনের বিরুদ্ধে এ অভিযোগ চূড়ান্ত হয়।
সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান, জ্যেষ্ঠ সদস্য সানাউল হকসহ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এএসএস
