মুক্তাগাছায় কচুয়া খাল খননে সেচ সুবিধা পাচ্ছে কৃষক

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:৫১

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

কচুয়া খাল পুনঃখনন করা হয়েছে। এতে খালে পানিপ্রবাহ ফিরে আসায় কৃষকদের মনে স্বস্তি ফিরে এসেছে। এর ফলে আগামী আমন মৌসুমে জলাবদ্ধতা হবে না বলে জানিয়েছেন তারা।

বিএডিসি অফিস ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএডিসির অর্থায়নে ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হওয়া পুনঃখনন কাজ ২০১৯ সালের মার্চ পর্যন্ত ২ দশমিক ৪ কিলোমিটার অংশ খনন করা হয়। ২২ লাখ টাকা ব্যয় ধার্য হয়। বিএডিসির নিজস্ব তত্ত্বাবধানে মেসার্স ইমদাদ বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি সম্পাদন করে। গত আমন মৌসুমে কাশিমপুর ইউনিয়নের সোনারগাঁও, সুহিলা, পালগাঁও, শৈলচাপড়া, কাতকাই, বিরুলিয়াসহ পার্শ্ববর্তী গ্রামের প্রায় এক হাজার কৃষকের কমপক্ষে ২ হাজার একর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় চাষাবাদ ব্যাহত হয়। বোরো মৌসুমে মারাত্মক সেচসংকট দেখা দেওয়ায় গত বছর খালটির পুনঃখনন কাজ শুরু করা হয়। কাজ শেষ হওয়ার পর এখন পানি প্রবাহিত হচ্ছে। কৃষকেরা আমন মৌসুমে খালে পানি পাবেন বলে আশা করা হচ্ছে। পাশাপাশি চলতি বোরো মৌসুমে খালের পানি ভাটির দিকে প্রবাহিত হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি আমজাদ হোসেন, কৃষক ইউনুস আলী, তারা মিয়া, সুরুজ তালুকদার জানান, খালটি পুনঃখননে পানি ভাটিতে আসতে শুরু করেছে। এ পানি দিয়ে আমরা জমিতে সেচ দিচ্ছি।