শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টিম প্রত্যয়’ ও অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘জোবাইকের’ আয়োজনে শুরু হয়েছে ‘৫ বোতল ৫ মিনিট’ ক্যাম্পেইন। সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্লাাস্টিক দূষণ নিয়ে সচেতনতা তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্যে। মঙ্গলবার সকাল ৯টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের অর্জুতলায় আয়োজিত চার দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্লাস্টিক দূষণ একটি আন্তর্জাতিক সমস্যা। পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এ সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের এধরণের জনসচেতনতামূলক যেকোনো উদ্যোগে সবসময় পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিক দূষণ নিয়ে সচেতনতা তৈরিতে পাঁঁচটি বোতলের বিনিময়ে পাঁচ মিনিট সাইকেল রাইডের পাশাপাশি সর্বোচ্চ প্লাস্টিক দাতাকে ১০ ঘণ্টা জোবাইক রাইডের ঘোষণা দেয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি।
উল্লেখ্য, শাবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোয়ান, নাইম, তন্ময় ও রিফাত গত ডিসেম্বরে গঠন করে ‘টিম প্রত্যয়’। জাতিসংঘ আয়োজিত হাল্ট প্রাইজের রিজিওনাল ফাইনালে অংশ নিতে যাচ্ছে তারা। এজেন্ট ভিত্তিক ‘প্লাস্টিক রিসাইক্লিং’ এর অংশ হিসেবে টিম প্রত্যয়ের এ আয়োজন ।
