অবশেষে রাবি শিক্ষকের বিরুদ্ধে মামলা গ্রহণ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৬:৫২
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের ৬ দিন পর মামলা হিসেবে রেকর্ড করেছে পুলিশ। 
 
গত রবিবার রাতে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি রেকর্ড করা হয় বলে সোমবার দুপুরে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করিব।
 
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক নগরীর মতিহার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত কাজী জাহিদুর রহমান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। তিনি সম্প্রতি (Kazi Jahid)  নামে তার ফেসবুক আইডি থেকে বিশ্ববিদ্যালয় প্রসাশনের বিভিন্ন কার্যক্রম নিয়ে স্ট্যাটাস দেন।
 
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান জানান, সম্প্রতি কাজী জাহিদুর রহমান ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের একটি কার্যক্রম নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন চিঠি দিয়ে তাকে বক্তব্য উপস্থাপন করতে বললে তিনি কোন সদুত্তর না দেয়ায় তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করা হয়। 
 
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা অভিযোগ রবিবার রাতে রেকর্ড করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করতে বিলম্ব হওয়ায় মামলা রেকর্ড করতে বিলম্ব হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি