সারাদেশে কেবল নেটওয়ার্ক টিভি পৌছে দেয়া হবে: ইনু

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৯:২৩
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কেবল নেটওয়ার্ক এবং ডিটিএইচ পদ্ধতির সমন্বয়ের মাধ্যমে দেশের টেলিভিশন চ্যানেলগুলো প্রত্যন্ত অঞ্চলসহ সকলের কাছে পৌঁছানো প্রয়োজন।
 
সোমবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ কেবল নেটওয়ার্ক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
 
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটালাইজেশন প্রক্রিয়ায় নতুন নতুন পদ্ধতির প্রবর্তন হবে। প্রচলিত কেবল নেটওয়ার্কের সাথে তা সমন্বয় করতে হবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হন। এ বিষয়ে সরকারের পাশাপাশি তিনি কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীদেরও সুচিন্তিত মতামত দেয়ার আহবান জানান।
 
কেবল নেটওয়ার্ক ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে হাসানুল হক ইনু এসময় কেবল নেটওয়ার্ক পরিচালনার ‘ফিস’ মহানগর, বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে স্তর অনুযায়ী বিন্যাসের জন্য অর্থ মন্ত্রণালয়ে সুপারিশ করবেন বলেও জানান।
 
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাদী আঞ্জুমান আরা এবং যুগ্ম-সচিব মো. নাসির উদ্দিন আহমেদ সভায় অংশ নেন। বাসস। 
 
ইত্তেফাক/এমএআর