কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে তাদের দু’হাতের ছাপ সম্বলিত ‘বীরগাঁথা ডকুমেন্টরির’ মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণে মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনসহ অতিথিরা। জেলার জীবিত দুই হাজার ৭৩০জন মুক্তিযোদ্ধাদের একযোগে সম্মাননাপত্র প্রদান এবং দুই হাতের ছাপ সম্বলিত ‘বীরগাঁথা ডকুমেন্টরির’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা ও দায়রা জজ মুন্সি রফিউল আলম, পুলিশ সুপার মো. মেহেদুল করিম পিপিএম, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সদর ইউএনও আমিন আল পারভেজ, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বাতেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমুখ।
কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, জেলার ৯ উপজেলায় জীবিত মোট মুক্তিযোদ্ধা ২ হাজার ৭৩০জন। সদর উপজেলার বাইরে অপর ৮উপজেলায় একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে একই ধরনের বাঁধাই করা সম্মাননাপত্র বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয়। এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ বাংলাদেশে কুড়িগ্রাম থেকেই শুরু করা হল। মুক্তিযোদ্ধাদের দু’হাতের ছাপ সম্বলিত ‘বীরগাঁথা ডকুমেন্টারি’ একদিন ইতিহাসে স্থান করে নেবে বলে আমার বিশ্বাস। সবার সহযোগিতা পেলে অল্প সময়ের মধ্যে পুরোকাজ সম্পন্ন করা সম্ভব হবে।
