মানসিক প্রস্তুতিতে গুরুত্ব মাশরাফির

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:৫৬

 ‘লিটন হতে পারেন বিধ্বংসী’

g  স্পোর্টস রিপোর্টার

ওয়ানডে ফরম্যাটে লিটন কুমার দাসের ফর্মটা ভালো যাচ্ছে না। নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচে তিন রান (১,১,১) করেছেন। নিউজিল্যান্ড থেকে ফিরে কিছুদিন বিশ্রামে ছিলেন তিনি। মাঠে ফিরেই ঢাকা প্রিমিয়ার লিগের ষষ্ঠ রাউন্ডে মোহামেডানের হয়ে খেলতে নেমে ২৭ রান করে আউট হয়েছেন।

তবে এই পারফরম্যান্স বিশ্বকাপ দলে তামিম ইকবালের ওপেনিং পার্টনার হিসেবে লিটন দাসের অবস্থানে কোনো পরিবর্তন আনছে না। ২৭ ম্যাচে ১৯.৫৩ গড়ে ৫০৮ রান করা এই ওপেনারের উপরই আস্থা রাখছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল এক বছরের জন্য সুগন্ধি ‘লাফজ’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মাশরাফি। চুক্তি স্বাক্ষর শেষে নড়াইল এক্সপ্রেস বলেছেন, বিশ্বকাপে বাংলাদেশের তুরুপের তাস হতে পারেন লিটন। ওপেনিংয়ে এই তরুণের বিধ্বংসী ব্যাটিং দেখার অপেক্ষায় মাশরাফি।

ওয়ানডে ক্যারিয়ারে ২৭ ইনিংসে লিটন চল্লিশোর্ধ্ব ইনিংস খেলেছেন মাত্র চারটি। যার মধ্যে একটি হাফ সেঞ্চুরি, আরেকটি এশিয়া কাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে ১১৭ বলে ১২১ রানের ইনিংস। আর এই সেঞ্চুরির কারণে অধিনায়ককে পাশে পাচ্ছেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।

ওয়ানডেতে লিটনের ফর্ম চিন্তার বিষয় কিনা জানতে চাইলে মাশরাফি বলেছেন, ‘আগে যেটা বললাম যে ঢাকা লিগ নিয়ে আমি এতটা চিন্তিত না যে এখান থেকে রান করে গেলে ওখানে সে ঐ ফর্মটাই ধরে রাখবে এটার সাথে আমি একমত না। একই সাথে লিটন কি মানসম্পন্ন খেলোয়াড় সেটি হয়তো এক দুটি ম্যাচে আমরা সমপ্রতি দেখতে পেরেছি। এশিয়া কাপ ফাইনালের কথা আমি বলছি। আমার কাছে মনে হয় সে বিধ্বংসী হতে পারে। এই সম্ভাবনা তার মধ্যে আছে।’

তবে ব্যাটিংয়ে লিটনের কাছে ধারাবাহিকতা আশা করছেন মাশরাফি। তিনি বলেন, ‘ব্যাটিং কোচও ওকে নিয়ে কাজ করছে। আসলে ধারাবাহিকতাটা গুরুত্বপূর্ণ। আশা করছি যে ও যদি স্বাভাবিক ক্রিকেটটা খেলে তাহলে সেটি আমাদের দলের জন্য অনেক বড় সুবিধা হবে।’

ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্সের চেয়ে বিশ্বকাপে দলের ক্রিকেটাররা মানসিকভাবে কতটা প্রস্তুত রয়েছে, সেটিই গুরুত্ব পাচ্ছে ওয়ানডে অধিনায়কের কাছে। গতকাল তিনি বলেছেন, ‘আমার কাছে মনে হয় মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ। মানসিকভাবে প্রস্তুত কিনা এবং এটার সাথে সে খেলায় নির্দিষ্টভাবে কি করছে সেটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় বিশ্বকাপ পুরোপুরি মানসিক খেলা। এই এক দেড় মাসে আপনি এখানে ৫-৬ উইকেট পেয়েও ওখানে যেয়ে সংগ্রাম করতে পারেন। তাই মানসিকভাবে কতটা তৈরি সেটা গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপের দল নির্বাচনে ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্স প্রভাব ফেলবে না বলেই মনে করেন মাশরাফি। তিনি বলেছেন, ‘এখানে অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা সংগ্রাম করেছি এবং আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তারাও করেছে। আবার এখানে খারাপ করেও দেখা গিয়েছে ওখানে যেয়ে আমরা ভালো করেছি। তাই আকাশ আর পাতাল ব্যবধান দুটি জায়গার মধ্যে।’