আইপিএল খেলবেন মালিঙ্গা

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২১:৫৭

g  স্পোর্টস রিপোর্টার

আইপিএলের জন্য এর আগে ক্রিকেট বোর্ডের নির্দেশও উপেক্ষা করার নজির আছে লাসিথ মালিঙ্গার। কিন্তু এখন দৃশ্যপট বদলেছে। এখন আবার জাতীয় দলের বোলিং ভরসা তিনি। ইদানিং ওয়ানডেতে অধিনায়কত্বও করছেন। তাই জাতীয় দলের নিয়ম মানতেই আইপিএল খেলবেন না বলে ঠিক করেছিলেন। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও (এসএলসি) তাকে এনওসি দেবে না, এমনটাই ঠিক ছিলো। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের অনুরোধে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরাসরি এসএলসিকে বলেছে, মালিঙ্গাকে ছেড়ে দেওয়ার জন্য। আর এই ব্যাপারে সাড়া দিয়েই এসএলসি ঠিক করেছে, তারা এই ফাস্ট বোলারকে আইপিএল খেলতে দেবে।

এসএলসি নিয়ম করেছিলো, তাদের সুপার প্রভিন্সিয়াল ওয়ানডে টুর্নামেন্ট না খেললে সেই খেলোয়াড়কে বিশ্বকাপে নেওয়া হবে না। আর এই টুর্নামেন্ট খেলার প্রস্তুতির জন্যই মালিঙ্গা এবার মুম্বাই ইন্ডিয়ান্সে না খেলার সিদ্ধান্ত নেন। কিন্তু মুম্বাই দাবি করে যে, নিলামের আগে এসএলসি যে সূচি দিয়েছিলো, সেখানে এই টুর্নামেন্টের উল্লেখ ছিলো না। ফলে মালিঙ্গাকে ছাড়তে হবে।

এই ঘটনা বিসিসিআই পর্যন্ত গড়ায়। তাদের অনুরোধ আর ফেলতে পারেনি এসএলসি। এমনিতেই এসএলসি অনেকটাই নানা কারণে ভারতের ওপর নির্ভরশীল। তার ওপর এ বছর শেষ দিকে লঙ্কান প্রিমিয়ার লিগ নামে ফ্রাঞ্চাইজি লিগ করতে চাচ্ছে শ্রীলঙ্কা। যেটার ভাগ্য নির্ভর করছে ভারতের ওপর। ফলে ভারতের বিরাগভাজন এই সময়ে হতে চায়নি তারা।

এই ভেতরের আলোচনার ফলে মালিঙ্গাতে অন্তত দুই ধাপে পাচ্ছে মুম্বাই। ২৮ ও ৩০ মার্চের দুটি ম্যাচে মালিঙ্গা খেলবেন বলে জানা গেছে। তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে শ্রীলঙ্কা হয়ে মুম্বাই আসবেন। এরপর দেশে ফিরে প্রভিন্সিয়াল ওয়ানডে খেলে আবার আইপিএলে যোগ দেবেন। তবে এসএলসি এখন বলছে, এই প্রভিন্সিয়াল ওয়ানডে মালিঙ্গা না খেললেও ক্ষতি নেই।

প্রধান নির্বাচক অশঙ্কা ডি মেল বলেছেন, মালিঙ্গার জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই। ফলে তিনি নিঃশঙ্কোচে আইপিএল খেলতে পারেন, ‘আমাদের আইপিএলের সাথে কোনো সমস্যা নেই। বোর্ড তাকে ইতোমধ্যে অনাপত্তিপত্র দিয়েছে। ফলে সে ইচ্ছে করলেই খেলতে পারে। সে ওয়ানডেতে এখন আমাদের সেরা বোলার। ফলে দলে তার জায়গা নিয়ে কোনো প্রশ্ন নেই।’ মুম্বাই ইতোমধ্যে অ্যাডাম মিলনের ইনজুরির কারণে বেশ ঝামেলায় আছে। ফলে মালিঙ্গাকে তাদের দরকার। এর আগে মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে পরিষ্কার বলেন যে, শ্রীলঙ্কার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের কোনো উল্লেখ নিলামের আগে করা হয়নি, ‘শ্রীলঙ্কায় ওই টুর্নামেন্টটা চার বা পাঁচ দিনের। ফলে এর আগে পরে সে খেলতে পারে। আমরা যখন ওকে নিলামে নেই, তখন শ্রীলঙ্কা ক্রিকেট একটা সূচি দিয়েছিলো। সেখানে এই টুর্নামেন্টটা একেবারেই ছিলো না।’