চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শুক্র ও শনিবার প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই দিনব্যাপী এই সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করবেন এবং জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
মঙ্গলবার দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এ কথা জানান।
শুক্রবার বিকেল ৩টায় নগরীর বাদশা মিয়া রোডে চবি’র ফাইন আর্টস ইনস্টিটিউট থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দুই দিনব্যাপী উৎসব শুরু হবে। প্রথম দিনের কর্মসূচিতে ‘ওয়েলকাম নাইট’ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ‘চট্টগ্রামের মেজবান’ এবং নগরীর জিইসি কনভেশন সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উৎসব উদযাপন শুরু হবে। দ্বিতীয় দিনের কর্মসূচিতে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
নগরী থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হাটহাজারি উপজেলায় এই বিশ্ববিদ্যালয় অবস্থিত। এটি ১৯৬৬ সালের ১৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয়। -বাসস।
ইত্তেফাক/এসএস
