লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের তালহাটি এলাকায় কৃষক সামছুল ইসলাম হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদ- এবং দুইজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন লাহারকান্দির তালহাটি গ্রামের মৃত নবী উল্যার ছেলে জয়নাল আবেদীন (৬০) ও আবদুর ছবুরের ছেলে আবুল বাশার (৫০)।
তাদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া এ মামলার অপর ২ আসামীকে খালাস দেয়া হয়েছে। তারা হলেন আবু সিদ্দিক ও পারুল বেগম। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালের ২১সেপ্টেম্বর সকালে সুপারী পাড়াকে কেন্দ্র করে আসামীরা কৃষক সামছুল ইসলামের ওপর হামলা চালায়। তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে সামছুল ইসলাম মারা যায়। এ ঘটনায় সামছুল ইসলামের ভাই সাহাব উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের ৬ মাস পর ওই ৫জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ।
সম্প্রতি মামলার আসামি হাসিনা বেগম মারা যায়। আদালত দীর্ঘ শুনানির পর ১৯জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে প্রায় ২০ বছর পর আদালত এ রায় প্রদান করেন। মামলার বাদী সাহাব উদ্দিন রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন।
ইত্তেফাক/এমএইচ
