ইউরো ২০২০ বাছাই
ফ্রান্স-ইংল্যান্ডের বড় জয়
g স্পোর্টস ডেস্ক
শিরোপা রক্ষার মিশনে পর্তুগাল টানা দ্বিতীয় ড্রয়ে বাধ্য হলেও অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরো ২০২০ এর চূড়ান্ত পর্বে ওঠার ব্যাপারে আশাবাদী। তবে বাছাই পর্বে ভিএআরের অনুপস্থিতিতে চটেছেন পেশিতে চোট নিয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়া হওয়া পর্তুগিজ তারকা। সার্বিয়ার সঙ্গে ১-১ গোলের ড্রয়ে পর্তুগালের পয়েন্ট ভাগাভাগির দিনে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও শিরোপা প্রত্যাশী ইংল্যান্ড বড় জয় পেয়েছে।
পর্তুগাল আগের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে। গত সোমবার রাতে নিজেদের মাঠে সার্বিয়ার বিরুদ্ধে শুরুতেই পিছিয়ে পড়ে পর্তুগাল। সফরকারী ফরোয়ার্ড দুসান তাদিচের গোলটির পর ৩১ মিনিটে রোনালদো চোট নিয়ে মাঠ ছাড়লে স্বাগতিক শিবিরে পরাজয়ের শঙ্কাই ভর করে বসে। তবে ৪১ মিনিটে দানিলো পেরেইরার গোলে সে শঙ্কা থেকে মুক্তি মেলে। তবে টানা ড্রয়ের হাত থেকে রেহাই মিলেনি কোচ ফার্নান্দো সান্তোসের শিষ্যদের।
টানা দ্বিতীয় ড্রয়ের শিকার হলেও সার্বিয়ার বিপক্ষে দল ভালো নৈপুণ্যই দেখিয়েছে বলে বিশ্বাস রোনালদোর। জুভেন্তাস তারকার ভাষায়, ‘সত্যি বলতে আমি মনে করি, দল ভালোই খেলেছে। আমরা অনেক সুযোগ সৃষ্টি করেছিলাম, কিন্তু সেগুলোকে কাজে লাগাতে পারিনি।’ তিনি আরো বলেন, ‘ঘরের মাঠে টানা দুই ড্র! কিন্তু আমি এর ভালো দিকটাই নেবো আর আমার মতে ইউক্রেনের বিপক্ষে যেমন খেলেছিলাম এই ম্যাচে তার চেয়েও ভালো খেলেছি।’
রোনালদো অবশ্য ইউরো বাছাইয়ের মতো প্রতিযোগিতায় ভিএআর না থাকায় কিছুটা বিস্মিত । পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর ভাষায়, ‘আমরা সুযোগ সৃষ্টি করেছি, জয়ের জন্য সম্ভাব্য সব করেছি কিন্তু শেষমেশ জয়টা আর আসেনি। আমরা একটি পেনাল্টি পেয়েছিলাম, আর তা পরিষ্কারের চেয়েও বেশি ছিল। যা হোক, রেফারি তা দেননি কিংবা দেখেননি। যদি সব প্রতিযোগিতায় ভিএআর থাকে তবে ইউরোপীয় বাছাইয়ে কেন নয়? এটা বিস্ময়কর!’
টানা দুই ড্রয়ে বি গ্রুপের শীর্ষে থাকা ইউক্রেন থেকে দুই পয়েন্ট পিছিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে পর্তুগাল। তবে রোনালদোর বিশ্বাস এই অবস্থান দলের ইউরোয় উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। পর্তুগাল অধিনায়কের ভাষায়, ‘পর্তুগালের ইউরো ২০২০ নিশ্চিতকরণে আমাদের সামর্থ্যের সবটুকু ঢেলে দেবো আমরা। এখনই দলের উপর বিশ্বাস হারানোর কোনো প্রয়োজন নেই।’
এ দিকে, প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে ইংল্যান্ডের দুর্দমনীয় যাত্রা অব্যাহত আছে। শুরুতে পিছিয়ে পড়েও রোস বার্কলের জোড়া গোল ও মাইকেল কিন, হ্যারি কেইন ও রাহিম স্টার্লিংয়ের লক্ষ্যভেদে মন্টেনেগ্রোকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।
বড় জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও। নিজেদের মাঠ স্তাদ দে ফ্রান্সে গেল আসরের বিস্ময় আইসল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে কোচ দিদিয়ের দেশ্যমের দল। ফরাসিদের হয়ে লক্ষ্যভেদ করেন স্যামুয়েল উমতিতি, অলিভিয়ের জিরু, কিলিয়ান এমবাপে ও অ্যান্টোনিও গ্রিজম্যান।
