রাষ্ট্রপতির সাথে ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২০:৩৩
ইন্দোনেশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবির মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
 
বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, 'বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে।' বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি দুই দেশের পারস্পরিক লাভজনক ওইসব সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।
 
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
 
বাংলাদেশ বিশ্বমানের ফার্মাসিউটিক্যালস, সিরামিক ও অন্যান্য সামগ্রী তৈরি করে এবং অন্যান্য সামগ্রীর জন্য নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আবদুল হামিদ এ সময় রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।
 
মেজর জেনারেল আজমল কবির ইন্দোনেশিয়ায় তার দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস