g স্পোর্টস রিপোর্টার
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর ক্রীড়াঙ্গন ছিল খেলাধুলায় ব্যস্ত। মুখরিত ছিল ক্রীড়াঙ্গন। মিরপুরে প্রীতি ম্যাচে ক্রিকেট খেলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাফুফের মাঠে প্রীতি ফুটবলে খেলেছেন সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বাফুফের টার্ফে লাল দল এবং সবুজ দল নামে ফুটবল নৈপুণ্য দেখিয়েছেন সাবেক তারকা ফুটবলাররা। যাদের মধ্যে ছিলেন রহমতগঞ্জের স্ট্রাইকার সুলতান, রকিব, শেখ আসলাম, কায়সার হামিদ, মামুন বাবু, মহসীন, ইলিয়াস, আলফাজ, মাসুদ রানা, গাউস, নকিব, নিজাম, ছোট মুন্না, আমান, স্বপন, মিলন, বেলাল, নুরুল হক মানিক, লুত্ফুর রহমান নয়ন, গোলাম রাব্বানী ছোটন প্রমুখ খেলেছেন। সবুজ দল ৩-২ গোলে লাল দলকে হারিয়েছে। ২-২ গোলে অমীমাংসিত খেলায় সবুজ দলের ইলিয়াস ও আলফাজ এবং লাল দলের নকিব ২ গোল করেন।
বিজিবি ও বিজেএমসি চ্যাম্পিয়ন
এম এ হামিদ স্বাধীনতা দিবস হ্যান্ডবল পুরুষ লড়াইয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮-২২ গোলে পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের তাজু ১০টি বিজিত দলের রাসেল ৭টি গোল করেন। তাজু সেরা খেলোয়াড় হন। মহিলা ফাইনালে বিজেএমসি ২৯-২২ গোলে আনসারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের শিরিনা ১০টি এবং বিজিত দলের আলপনা ৭টি গোল করেন। বিজেএমসির সেরা খেলোয়াড় হন সুশিলা। বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আন্তর্জাতিক মাস্টার দাবাড়ু মিসেস রানী হামিদ। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম, কমিটির সম্পাদক মকবুল হোসেনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিল।
হাতিরঝিলে নৌকাবাইচ
স্বাধীনতা দিবসে নৌকাবাইচের আয়োজন করেছিল রোইং ফেডাশেরন। গতকাল বিকালে নৌকাবাইচের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। হাতিরঝিলে রোইং অনুশীলনের জন্য বরাদ্দ দেয়ার কথা জানিয়েছেন পূর্তমন্ত্রী। পুরুষ ১১টি এবং মহিলাদের ৫টি দল অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ করেন মাসুদ স্টিল ডিজাইনের এমডি মাসুদুর রহমান।
