‘মেসিনির্ভরতা ছাড়তে হবে আর্জেন্টিনাকে’

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:০৪

আর্জেন্টিনার অতিমাত্রায় লিওনেল মেসি-নির্ভরতা কাটাতে হবে। শুধু তাই নয় ভালো ফল পেতে হলে উন্নতি করতে হবে তার সাথের খেলোয়াড়দেরও। এমন মত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের সদস্য হোর্হে ভালদানোর।

ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল আঙিনায় পা রেখেছিলেন মেসি। তবে তার প্রত্যাবর্তনের সুফল পায়নি কোচ লিওনেল স্ক্যালোনির দল, ম্যাচটি হেরেছিলো ৩-১ ব্যবধানে।

এরপর দানি পাসারেল্লার মতো কিংবদন্তির সমালোচনা হজম করলেও এবার সাবেক রিয়াল মাদ্রিদ কোচকে পাশে পাচ্ছেন মেসি। ভালদানোর বিশ্বাস প্রয়োজনের চেয়ে বেশিই সমালোচনা হজম করছেন বার্সা ফরোয়ার্ড। অন্দা কেরোকে তিনি বলেন, ‘মেসির পাশে যারা খেলে তাদেরকে উন্নতি করতে হবে, মেসিকে নয়। পুরো দলের যা কর্তব্য তার সবটুকু মেসি একাই পালন করে দিক, এমনটাই প্রত্যাশা করে তারা।’

আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের সদস্যের বিশ্বাস সেরা খেলোয়াড়ের কাঁধে সব দায়িত্ব সঁপে দেওয়া কোনো সমস্যার সমাধান এনে দেয় না। ভালদানোর ভাষায়, ‘সব দায়িত্ব সবসময় দলের সেরা খেলোয়াড়টির কাঁধে চাপিয়ে দেওয়াকে কখনোই ভালো সমাধান বলে মনে হয় না আমার।’

গতরাতে মরক্কোর মুখোমুখি হবার কথা মেসি-বিহীন আর্জেন্টিনার। কোপা আমেরিকার আগে এটিই দলের শেষ প্রীতি ম্যাচ। ব্রাজিলে অনুষ্ঠেয় কোপার ৪৬তম আসরের বি গ্রুপে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতারকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে গেল দুইবারের সেমিফাইনালিস্টরা।