পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর মোনায়েম খানের দখলে থাকা সবুজ বেষ্টনী (গ্রিন বেল্ট) উদ্ধারে আইনগত বাধা দূর হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এখন হাইকোর্টের রায় অনুযায়ী এখন এই জমি নিজেদের দখলে রাখতে পারবে।
এই জমি উদ্ধারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন মোনায়েম খানের পরিবার।
বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ ঐ নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেয়।
এর ফলে বনানীর আবাসিক এলাকার ব্লক এ রোড নম্বর ২৭-এর ১১০ নম্বর প্লটের সম্মুখভাবে গ্রিন বেল্ট ঢাকা উত্তর সিটি করোপরেশেনের দখলে থাকবে। একই সঙ্গে উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় বিদ্যুৎ ও গ্যাস বিচ্ছিন্ন করে দেয়া হয়েছিল আগামী তিনদিনের মধ্যে সেই সংযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গত ১৩ তারিখ হাইকোর্ট এক আদেশে রাজউকের লে-আউট প্ল্যানে থাকা কতটুকু অংশ সবুজায়নের জন্য বরাদ্দ রয়েছে তা নির্ধারণ করে আদালতে প্রতিবেদন দিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও রাজউককে নির্দেশ দেয়া হয়।
নির্দেশ মোতাবেক উত্তর সিটি করপোরেশন ও রাজউক যৌথ জরিপ প্রতিবেদন আদালতে দাখিল করে। প্রতিবেদনে বলা হয়, রাজউকের লেআউট নকশা অনুযায়ী সংশ্লিষ্ট প্লটের উত্তরের বাহু পূর্ব-পশ্চিমে ১৯৫ ফুট ও দক্ষিণের বাহু পূর্ব-পশ্চিমের ২০২ ফুট যার উভয় প্রান্তে প্রস্থে ৫০ ফুট ভূমি চিহ্নিত করা হয়।
এই পরিমাণ ভূমি রাজউকের নকশাঅনুযায়ী সবুজ বেষ্টনী হিসেবে পরিচিত যা মোনায়েম খানের পরিবার অবৈধভাবে দখলে রেখেছিল।
সিটি করপোরেশনের পক্ষে অ্যাডভোকেট আহসানুল করিম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন শুনানি করেন।
ইত্তেফাক/এএসএস
