ভিক্টোরিয়া কলেজের নজরুল হলের শিক্ষার্থীদের বিদ্যুত্ বিল প্রত্যাহার দাবি

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:০৬

কুমিল্লা প্রতিনিধি: বিদ্যুত্ বিল প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নজরুল হলের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। সোমবার প্রশাসনিক ভবনে তালা দিয়ে কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর শিক্ষার্থীদের দাবি-দাওয়া আংশিক মেনে নেওয়ার ঘোষণার পর অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা অযৌক্তিক বিদ্যুত্ বিল প্রত্যাহার, জরুরিভিত্তিতে ইলেক্ট্রিশিয়ান নিয়োগ, হলের গেট সংস্কার, ভবনে রঙ করা ও জলাবদ্ধতা নিরসনে মাটি ভরাট করাসহ ১০ দফা দাবি তুলে ধরে। শিক্ষার্থীদের পক্ষে দাবিগুলো তুলে ধরেন কলেজের নজরুল হলের শিক্ষার্থী বদিউল, তুহিন ও এমরান। হলের একাধিক শিক্ষার্থী জানায়, তারা হলের সকল যৌক্তিক বিল নিয়মিত পরিশোধ করে আসছে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ প্রতিজন ছাত্র থেকে আট হাজার টাকা করে বিদ্যুত্ বিল দাবি করছে। কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার সাহা বলেন, শিক্ষার্থীদের কয়েকটি দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি দাবিগুলো স্থানীয় সংসদ সদস্য ও হল প্রতিনিধিদের সাথে আলাপ করে সমাধানের চেষ্টা করা হবে।