বাহুবলে স্বাধীনতা দিবসে সংঘর্ষ : আহত ২০

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২২:০৬

হবিগঞ্জের বাহুবলে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাঁশি বাজানো নিয়ে তিনটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও বিভিন্ন ইভেন্টে অধিকাংশ পুরস্কার পায় মিরপুর দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও সানশাইন প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা। এ নিয়ে বাহুবল সদরের শিক্ষা প্রতিষ্ঠান দ্বীননাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। বেশি পুরস্কার পাওয়ার আনন্দে দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও সানশাইন স্কুলের শিক্ষার্থীরা বাঁশি ও ভুভুজেলা বাজাতে বাজাতে যখন স্টেডিয়াম ত্যাগ করছিল তখন দ্বীননাথ স্কুলের কতিপয় শিক্ষার্থীর সাথে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ আরেক পক্ষকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। প্রায় আধ ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি মিরপুরে আহত শিক্ষার্থীদের দেখে এসেছেন। আগামী ৩/ ৪ দিনের মধ্যে বিবাদমান তিনটি স্কুলের ছাত্র শিক্ষকদের নিয়ে সভা করবেন বলে জানান তিনি। আহতদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।