বিএনপি ক্ষমতায় আসলে জিয়াউর রহমানকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মজলুল জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
শাসকদলের উদ্দেশে তিনি বলেন, আমরা কাউকে আক্রমণ করে কথা বলি না। আমরা ইতিহাসের কথা বললে তারা আঘাতপ্রাপ্ত হন।
বিএনপির এই নেতা বলেন, ক্ষমতায় আসলে মাওলানা ভাসানী ও জিয়াউর রহমানকে যেভাবে অপদস্থ করা হয়েছে, আমরা এভাবে কাউকে অপদস্থ করবো না। ইতিহাস যাকে যেখানে স্থান দিয়েছে তাকে সেই স্থানে রেখেই সন্মানিত করা হবে।
তিনি বলেন, যেসব স্থান থেকে মওলানা ভাসানীর নাম মুছে ফেলা হয়েছে সেখানে তা আবারো বসানো হবে। জিয়াউর রহমানেরও নাম বসানো হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার শোশাররফ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
