বাংলাদেশ ১৫ নভেম্বর আইএসএ সংক্রান্ত ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইন্টারন্যাশনাল সোলার এ্যালায়েন্সে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে।
পরিবেশ এবং বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব মরক্কোর মারাকেসে জলবায়ু সম্মেলনের পাশাপাশি এক আনুষ্ঠানিক কর্মসূচিতে সরকারের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। সরকারি এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
আইএসএ ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরের ফলে নবায়ন যোগ্য জ্বালানি বিশেষ করে সোলার জ্বালানির আরো উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো। জলবায়ু পরিবর্তন জনিত সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব এবং দৃঢ় অঙ্গীকারেরও প্রতিফলন ঘটেছে।
আইএসএ যোগদানের ফলে সোলার প্রযুক্তি, অর্থায়ন, গবেষণা, আবিষ্কার এবং উন্নয়নে এই জোটের অন্যান্য সদস্যদের সঙ্গে সহযোগিতা করতে বাংলাদেশের জন্য সুযোগ সৃষ্টি হবে।
২০১৫ সালের ৩০ নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে সোলার সমৃদ্ধ দেশগুলোর মধ্যে সহযোগিতার জন্য একটি আন্তর্জাতিক প্লাটফর্ম হিসাবে ইন্টারন্যাশনাল সোলার এ্যালায়েন্স গঠিত হয়। -বাসস।
ইত্তেফাক/এমআর/ইউবি
