লক্ষ্মীপুরে মামুন (৭) নামে তৃতীয় শ্রেণির ছাত্রকে হত্যার দাযে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল বাসার, সাইফুর রহমান ও হামিদা বেগম। এ সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি বাবুল মিয়াকে বেকসুর খালাস দেন আদালত। মামুন চাঁদপুর জেলার মধ্য ইছলীর নতুন বাজার এলাকার বাসিন্দা আক্তার মিয়ার ছেলে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২৯ জুন লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবার থেকে মামুন (৭) নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর ২ জুলাই সাহাপুরের একটি বাগান থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মামুনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় লক্ষ্মীপুর শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. আব্দুল আজিজ মাহমুদ বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
ওই মামলায় শিশু পরিবারের আয়া হামিদা বেগম, কম্পিউটার অপারেটর আবুল বাশার, শিক্ষক সাইফুর রহমান ও দারোয়ার বাবুল মিয়াকে আসামি করা হয়। শুনানি শেষে বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
ইত্তেফাক/ইউবি
