বিএনপিতে গণতন্ত্রের চর্চা নেই বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'আওয়ামী লীগ গণতন্ত্রের কথা মুখে বলে, কিন্তু তারা কোনো দিনই গণতন্ত্রের চর্চা করে না। ১৯৭২ সালে আওয়ামী লীগ রাষ্ট্রে দায়িত্বে আসার পরে ক্রমান্বয়ে একে একে গণতন্ত্র ধ্বংস করেছে।'
আজ বৃহস্পতিবার তিনি ঠাকুরগাঁওয়ে নিজ বাস ভবনে দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়। তখনই দেশে অশান্তি, অরাজকতা ও খুন বাড়তে থাকে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হয়েছে। হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে লুটপাট হয়েছে। মন্দির ভেঙ্গে দিয়েছে। সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে তাতে আওয়ামী লীগের নেতা কর্মীরাই জড়িত।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমান, বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদ, শরিফুল ইসলাম শরিফ, তারিক আদনান প্রমূখ।
পরে দুই দিনের সফর শেষে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশ্য রওনা দেন তিনি।
ইত্তেফাক/কেকে
