জঙ্গিরা ধর্মের নামে বিভ্রান্ত করে মানুষ হত্যা করছে : নৌপরিবহন মন্ত্রী

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৬:১১
নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিরা ধর্মের নামে মুসলমানদের বিভ্রান্ত করে মানুষ হত্যা করছে। তিনি বলেন, যে ইসলাম ধর্ম পৃথিবীতে শান্তির ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই ধর্মকে ধ্বংস করার জন্য বিভিন্ন দেশে ইসলাম প্রতিষ্ঠার নামে জঙ্গি সৃষ্টি করছে। এ জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে দেশের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
 
আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুরের ছিলারচরে মনির-মুন্না ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
 
জঙ্গিরা ধর্মের নামে মানুষ হত্যার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কিন্তু কোরআন-হাসিদের কোথাও মানুষ হত্যার কথা লেখা নেই।
 
তিনি বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে জামায়াত-শিবির জঙ্গিদের সঙ্গে নিয়ে দেশে হত্যা তাণ্ডব চালিয়ে যাচ্ছে। এ কারণেই জামায়াত-শিবির দেশে যেন কোন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য নৌমন্ত্রী আহ্বান জানান। বাসস।
 
 
ইত্তেফাক/এমআই