সাঁওতালদের ঘটনায় বিএনপিকে জড়ানো হবে: নজরুল ইসলাম খান

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৮:১৮
 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের উপর হামলার ঘটনায় বিএনপিকে জড়ানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
 
বুধবার রাজধানীর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
 
বিএনপির এই নেতা বলেন, সম্প্রতি নাসিরনগর ও গোবিন্দগঞ্জে হিন্দু সম্প্রদায় ও সাঁওতালদের ওপর হামলাকে কেন্দ্র করে সবাই বলছে, দলীয় কোন্দল এবং একজন মন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ রয়েছে। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং ভিন্নখাতে প্রভাবিত করার জন্য এর পিছনে নানান ষড়যন্ত্র আবিষ্কার করা হচ্ছে। নাসিরনগরে একজন বিএনপি নেতাকে আসামি করে বিপুল প্রচার দিয়ে বুঝানোর চেষ্টা চলছে যে এ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত আছে। সেভাবেই হয়তো গোবিন্দগঞ্জে কোনো সাঁওতালকে বিএনপি বানিয়ে দেয়া দিয়ে বিএনপিকে জড়ানো হবে। একটি কথা মনে রাখতে হবে, এধরনের ঘটনা অমার্জনীয় অপরাধ এবং এর সুষ্ঠু বিচার হওয়া দরকার। তাই এটা নিয়ে রাজনীতিকরণ কিংবা বিরোধীদলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা ভিন্নভাবে প্রভাবিত করার মাধ্যমে প্রকৃত অপরাধীকে আড়াল করার চেষ্টা শুভ হবে না। এটা জনগণের বিপক্ষে যাবে, রাষ্ট্রের বিপক্ষে যাবে।

ইত্তেফাক/এএম।