ইত্তেফাক রিপোর্ট
‘সিটি ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান জানান, কথাসাহিত্যে সৈয়দ মনজুরুল ইসলাম ‘কয়লাতলা ও অন্যান্য গল্প’ (অন্যপ্রকাশ) ও শাহাদুজ্জামান ‘মামলার সাক্ষী ময়না পাখি’ (প্রথমা)-এর জন্য পুরস্কার পাচ্ছেন। কবিতায় পুরস্কার পাচ্ছেন যৌথভাবে মারুফুল ইসলাম ও আফজাল হোসেন। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত ‘পানতুম’ বইয়ের জন্য মারুফুল ইসলাম এবং অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত ‘উনিশ নম্বর কবিতা মোকাম’ কাব্যগ্রন্থের জন্য আফজাল হোসেন পুরস্কার পাচ্ছেন। প্রবন্ধ ও মুক্তিযুদ্ধে যৌথভাবে সিরাজুল ইসলাম চৌধুরী ও মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন পুরস্কার পাচ্ছেন। কথাপ্রকাশ থেকে ‘সময় বহিয়া যায়’ বইয়ের জন্য সিরাজুল ইসলাম চৌধুরী এবং প্রিয়মুখ প্রকাশনা থেকে ‘১৯৭১: প্রতিরোধ সংগ্রাম বিজয়’ বইটির জন্য মেজর জেনারেল মো. সরোয়ার হোসেন পুরস্কার পাচ্ছেন।
ভ্রমণ ও আত্মজীবনীতে ফারুক মঈনুদ্দীন ‘সুদূরে অদূর দুয়ার’ (সময়) বইয়ের জন্য পুরস্কার পাচ্ছেন। শিশুসাহিত্যে যৌথভাবে পুরস্কার পাচ্ছেন মুস্তাফিজ শফি ও মোকারম হোসেন। কথাপ্রকাশ থেকে প্রকাশিত মুস্তাফিজ শফির বইটির নাম ‘ভূত কল্যাণ সমিতি’ এবং ‘রঙের গাছ’ বইটির জন্য পুরস্কার পাচ্ছেন মোকারম হোসেন।
প্রথম বই শাখায় জার্নিম্যান থেকে প্রকাশিত গল্পগ্রন্থ ‘ঘটনা কিংবা দুর্ঘটনার গল্প’র জন্য মাজহারুল ইসলাম, অন্যপ্রকাশ থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘নিঃসঙ্গতার পাখিরা’র জন্য হক ফারুক আহমেদ এবং জার্নিম্যান থেকে ‘অন ডে’জ লাইক দিস’-এর জন্য সায়রা আফরিদা ঐশী পুরস্কার পাচ্ছেন।
