কিবরিয়া হত্যা মামলায় আরও দুইজনের সাক্ষ্যগ্রহণ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১৯:৩৫
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরও দুই জনের সাক্ষ্যগ্রহণ করেছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান। 
 
বৃহস্পতিবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল আহসানের আদালতে সাক্ষ্য দিয়েছেন- ঘটনার প্রত্যক্ষদর্শী মর্তুজ আলী ও জামাল মিয়া। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, সাক্ষ্যগ্রহণের সময় মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ব্যতীত কারাগারে থাকা সকল আসামি উপস্থিত ছিলেন। কারাগারে থাকা সকল আসামি উপস্থিত ছিলেন। এ নিয়ে আলোচিত এই মামলায় মোট ১৭১ জন সাক্ষীর মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৩ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে।
 
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন।
 
 
ইত্তেফাক/এমআই