বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার অঙ্গীকারের মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলা একাডেমী চত্বরে শুরু হয়েছে সাহিত্য সম্মেলন ঢাকা লিট ফেস্ট (ডিএলএফ)।
সাহিত্য চর্চা জোরদারে বহুমুখী সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে বিনিময়ের একটি প্লাটফরমে পরিণত করার অভিন্ন লক্ষ্যে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির লোকরা তিন দিনব্যাপী এ সম্মেলনে সমবেত হয়েছেন।
IMG0
সকালে বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ সম্মেলন উদ্বোধন করেন নোবেল বিজয়ী সাহিত্যিক ভিএস নাইপল এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা লিট ফেস্ট পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায ও আহসান আকবর অনুষ্ঠানে অংশ নেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার রবীন্দ্র সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে সম্মেলন শুরু হয়।
আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন দেশি ও বিদেশি ২শ’রও বেশি লেখক, চিত্রশিল্পী, গবেষক ও সাংবাদিক ডিএলএফ’এ অংশ নিয়েছেন। তারা বিভিন্ন প্যানেল আলোচনায় অংশ নেবেন। এসব আলোচনা সবার জন্য উন্মুক্ত।
ডিএলএফ আয়োজকরা বলেন, ঢাকা লিট ফেস্ট দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহত্তম সাহিত্য সম্মেলন। এই সম্মেলন জ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করবে।
ডিএলএফ’এ আগত দর্শকদের সঙ্গে আলাপকালে তারা এই সাহিত্য সম্মেলনকে সাহিত্যপ্রেমী মানুষ, লেখক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের একটি অভিন্ন প্লাটফরম হিসেবে বর্ণনা করেন যা সাহিত্য চর্চাকে বহুমুখী করে তুলবে।
ডিএলএফ পরিচালক কাজী আনিস আহমেদ বলেন, ঢাকা লিট ফেস্ট এই নতুন নামে বাংলাদেশে ষষ্ঠবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগে এটি হে ফেস্টিভাল নামে অনুষ্ঠিত হয়ে আসছিল।
ইত্তেফাক/এএম।
