ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর রমনা থানা এলাকার সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের নির্মাণ কাজের সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুই শ্রমিক মারা গেছেন। তারা হলেন, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার আনিসুর রহমান ও নোয়াখালী জেলার আবুল বাশার। গত সোমবার রাত ২টার দিকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের ভেতরে ভবন তেরির জন্য এক্সাভেটর দিয়ে মাটি কাটার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার সকালে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। জানা গেছে, আনিসুর রহমান ও আবুল বাশার পরিবার নিয়ে রাজধানীর রামপুরার পূর্ব উলন এলাকায় বসবাস করতেন। রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, সোমবার রাতে রমনা সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের ভেতরে একটি জায়গায় ভবন তৈরির কাজ চলছিল। এসময় মাটি কাটার সময় মেশিনের উপরে থাকা ওই দু’জন বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
