আফগানিস্তানে শান্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আহবান

আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৬:২২
আফগানিস্তানের টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ।
 
বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের চলমান ৭১তম অধিবেশনে আফগানিস্তানের পরিস্থিতির উপর এক বক্তৃতায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এই আহ্বান জানান।
 
ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ প্রতিরোধে গুরুত্বারোপ করে তিনি বিশেষত নিষিদ্ধ মাদক পাচার রোধে তদারকি, গোয়েন্দা তৎপরতা, তদন্ত ও আইন প্রয়োগের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন।
 
রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সবসময়ই দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক অধিকতর গভীর ও প্রসারিত রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।
 
প্রতিবেশী দেশসমূহের সহযোগিতায় আঞ্চলিক কানেকটিভিটির কেন্দ্র হিসেবে আফগানিস্তানের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগানোর উপর তিনি গুরুত্বারোপ করেন। এটি দক্ষিণ এশিয়ার দুই বিলিয়ন মানুষের জন্য উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত করতে ভূমিকা রাখবে বলে তিনি মত দেন।
বাংলাদেশকে উন্নয়নের ‘রোল মডেল’হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ আফগানিস্তানকে নারীর ক্ষমতায়ন, অনানুষ্ঠানিক শিক্ষা, কমিউনিটি স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন, মানবসম্পদ উন্নয়ন, বিচারব্যবস্থার সংস্কার, ব্যাংকিং ও আর্থিকখাত সংস্কার, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি সম্প্রসারণ, যুব উন্নয়ন এবং সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা দিতে প্রস্তুত। বাসস
 
ইত্তেফাক/এমআর/এমএইচ