জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ শতাধিক অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজ শিক্ষার মানোন্নয়নে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব নটিংহাম মালয়েশিয়া শাখার মধ্যে মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত বুধবার এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি এবং নটিংহাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর স্যার ডেভিড গ্রিনএওয়ের উপস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ও ইউএনএমসি’র পক্ষে প্রফেসর গ্রাহাম ক্যান্ডল চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
৫ বছর মেয়াদী প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার ১০৪০ কোটি টাকা অর্থায়ন করবে। এ প্রকল্পের আওতায় অন্যান্যের মধ্যে ৭০০ কলেজ অধ্যক্ষ, ১৬৫০০ কলেজ শিক্ষক মালয়েশিয়া ও বাংলাদেশ উভয় দেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন।
স্বাক্ষর দান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রফেসর ফন সিম অং, ড. গানা সুব্রামানিয়াম, প্রফেসর নয়েজ ইউএনএমসি’র পক্ষে এবং বাংলাদেশ থেকে অতিরিক্ত সচিব মো. হেলালউদ্দিন, যুগ্ম সচিব মাহমুদুল ইসলাম, নায়েমের ডিজি প্রফেসর হামিদুল হক, প্রজেক্ট পরিচালক জাহিদুল ইসলাম ও সুমন চক্রবর্তী, মালয়েশিয়ার বাংলাদেশের হাইকমিশনার শহিদুল ইসলাম এবং বিশ্বব্যাংকের পক্ষে আসাবুর রহমান ও ড. মোখলেসুর রহমান উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। -বাসস।
ইত্তেফাক/এসএস
