চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে হারারেতে তারুণ্যনির্ভর শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হলেও এবার বুলাওয়েতে জয়ের ধারায় ফিরতে চায় স্বাগতিক জিম্বাবুয়ে।
নতুন ভেন্যুতে দলের জন্য শুভ বার্তা বয়ে আসবে বলে মনে করে স্বাগতিক দল। আগামীকাল (শনিবার) সিরিজের তৃতীয় ম্যাচে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মোকাবেলা করবে জিম্বাবুয়ে। হারারেতে অনুষ্ঠিত সিরিজের ২য় ম্যাচে শ্রীলঙ্কার কাছে মাত্র ১৫৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এরপর ২৫ ওভারেরও কম খেলেই জয় নিশ্চিত করে লঙ্কানরা।
এখন অপেক্ষাকৃত বেশী অভিজ্ঞতায় ভরপুর ক্যারিবীয়দের বিপক্ষে জয় পাওয়া জিম্বাবুয়ের জন্য আরো কঠিন হবে। বরং শ্রীলঙ্কার বিপক্ষে দু'একটি জায়গায় বেশ ভালো করেছিল জিম্বাবুয়ে। বিশেষ করে পিটার মুর ও গ্রায়েম ক্রেমার ব্যাট হাতে বেশ ভালো খেলেছেন। যার ওপর ভর করে দক্ষিণ আফ্রিকান দলটি ভালো সংগ্রহ করতে পারলে অন্তত লড়াই করতে পারতো।
এদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছে আরো ভালো পারফর্মেন্স প্রত্যাশা করছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে স্বল্প রানে বিদায় নিয়েছেন জনসন চার্লস, ক্রেইগ ব্র্যাথওয়েট ও এভিন লুইস। তবে শাই হোপ ও জনাথন কার্টারের কল্যাণে শেষ পর্যন্ত লংকানদের বিরুদ্ধে জয়লাভ করেছে তারা।
ব্যাট হাতে যাই হোক, বল হাতে যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছে ক্যারিবীয়রা। শ্যানন গ্যাব্রিয়েল ও এ্যাশলে নার্স তিনটি করে উইকেট লাভ করেছেন। স্বাগতিক দলের বিপক্ষেও ব্যাট বলে একই চেহারায় দেখো যেতে পারে তাদের।
এ পর্যন্ত জিম্বাবুয়ের সঙ্গে ৪৫টি ওডিআই ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে ৩৫টিতেই জয়লাভ করেছে ক্যারিবীয়রা। সর্বশেষ ২০০৭ সালে জিম্বাবুয়ের মাটিতে পরস্পরের মুখোমুখি হয়েছিল দল দুটি। এদিকে ২০১৫ বিশ্বকাপে গ্রুপ পর্বে পরপর দুই ম্যাচে জয়লাভ করেছিল ক্যারিবীয়রা। ওই দুই ম্যাচে তাদের কাছে হার মেনেছিল পাকিস্তান ও জিম্বাবুয়ে।
ইত্তেফাক/এসএস
