কুমিল্লা প্রতিনিধি
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশকে সুন্দর করে সাজাতে হলে সবার আগে দুর্নীতি রুখতে হবে। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে সবাইকে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের বিকল্প নেই। কোনো কাজ সারতে দু’দিন সময় বেশি লাগলেও ঘুষ দেয়ার চিন্তা মাথায় না আনার অনুরোধ জানাচ্ছি। ঘুষ দিয়ে কাজ করিয়ে নিলে ঘুষখোররা উত্সাহ পাবে।
মঙ্গলবার বিকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ শিরোনামে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারেও রয়েছে আমরা দুর্নীতিমুক্ত সমাজ গড়ব। জাতি আমাদের কাছে সেই সমাজের প্রত্যাশায় রয়েছে। সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি। এসময় মন্ত্রী স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসীকে উদ্দেশ্যে বলেন, আপনাদের কাছে এলাকার সন্তান হিসেবে, পরিবারের একজন হিসেবে আমার অনুরোধ—আসুন আমরা সকলে সমস্বরে ‘দুর্নীতিকে না’ বলি। আমরা সদর দক্ষিণ উপজেলা থেকে আজ শুরু করলাম। এভাবেই আমরা পুরো দেশকে সাজাবো।
মন্ত্রী আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে আমরা সকলে আত্মনিয়োগ করব, শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলবো জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের অসীম সাহস আর তাজা প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় স্বাধীনতা। তাদেরকে সম্মানিত করতে পেরে আমি গর্বিত, এই জাতি গর্বিত। জাতির পিতা আমাদেরকে মুক্তি এনে দিয়েছেন কিন্তু তার সোনার বাংলার স্বপ্নে অর্থনৈতিক মুক্তি এনে দেওয়ার আগেই কুচক্রীমহলের ঘৃণ্য চক্রান্তে তিনি তা করে যেতে পারেননি। আর জাতির পিতার সেই অসমাপ্ত কাজের দায়িত্ব নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপালী মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু প্রমুখ। অনুষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে মন্ত্রী লালমাই উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
