দুই তরুণ শিল্পী জাহাঙ্গীর আলম ও সুমন কুমার সরকার। তাদের আঁকা ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারী-২-তে শুরু হয়েছে দ্বৈত চিত্র প্রদর্শনী ‘সৌন্দর্যের উপত্যকা মাঝে’।
সপ্তাহব্যাপী এই প্রদর্শনী চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ১৮ নভেম্বর উদ্বোধন করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সিদ্ধার্থ শংকর তালুকদার।
প্রদর্শনীতে জলরং মাধ্যমে আঁকা শিল্পীদ্বয়ের ৩০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। শিল্পীরা দার্জিলিং, ইন্ডিয়া ও বান্দরবানের নিসর্গকে একসূত্রে গাঁথবার চেষ্টা করেছেন। উভয় শিল্পীই বৈচিত্রময় সৌন্দর্য, পাহাড়ী জীবন প্রভৃতি বিষয়কে সুনিপুণ মায়ায় তুলে ধরবার চেষ্টা করেছেন।
আগামী ২৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।
ইত্তেফাক/এমএআর
