মাহমুদুল্লাহ’র ফিফটিতে ঢাকাকে ১৫৮ রানের টার্গেট দিলো খুলনা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৮:৫৩
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টিতে ঢাকা ডায়নামাইটসকে ১৫৮ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইটান্স। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ৪৪ বলে ৬২ রানের সুবাদে ৫ উইকেটে ১৫৭ রান করে খুলনা টাইটান্স। ঢাকার পক্ষে ২ উইকেট ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।
 
এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচের চতুর্থ বলেই ওপেনার হাসানুজ্জামানকে হারায় খুলনা। শূন্য হাতে হাসানুজ্জামান ফিরলেও, ১৬ বলে ২০ রান করে ফিরেন আরেক ওপেনার ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার।
 
২৩ রানে ২ উইকেট হারানোর ধাক্কাটা পরবর্তীতে সামাল দেন শুভাগত হোম ও মাহমুদুল্লাহ। তৃতীয় উইকেটে ২৭ বলে ৪৪ রান যোগ করেন তারা। শুভাগত ২৪ রানে ফিরে গেলেও, উইকেটে থেকে যান মাহমুদুল্লাহ। অধিনায়কের সাথে ক্রিজে যোগ দিয়ে ১৬ রানের ছোট্ট ইনিংস খেলেন উইকেটরক্ষক ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। 
 
পুরান আউট হওয়ার সময় খুলনার স্কোর ছিল ১৩.২ ওভারে ৯৬/৪। সেখান থেকে দলকে ৫ উইকেটে ১৫৭ রানে পৌছে দেন মাহমুদুল্লাহ। ৪টি করে চার ও ছক্কায় ৪৪ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এছাড়া তাইবুর রহমান ২১ রানে অপরাজিত থাকেন।
 
ইত্তেফাক/এমএইচ