ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কান ব্যাটিং গ্রেট মাহেলা জয়াবার্ধান। শুক্রবার আইপিএল দলটির পক্ষ থেকে নিজেদের ওয়েবসাইটে এই তথ্য নিশ্চিত করে।
এর আগে দলটির কোচ ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তারই স্থলাভিষিক্ত হচ্ছেন ৩৯ বছর বয়সী এই শ্রীলংকান তারকা।
মুম্বাইয়ের সাথে গত চারটি মৌসুম বেশ সাফল্যের সাথেই কাটিয়েছেন পন্টিং। প্রথমে খেলোয়াড় হিসেবে, এরপর প্রধান কোচ জন রাইটের পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের পরে সর্বশেষ দলের স্থায়ী প্রধান কোচ হিসেবে কাজ করেছেন।
প্রতিক্রিয়ায় এক ভিডিও বার্তায় জয়াবর্ধনে জানান, মুম্বাইয়ের কোচ হিসেবে কাজ করার সুযোগ পেয়ে তিনি দারুণ আনন্দিত। পরবর্তী আইপিএল মৌসুমে দলের প্রধান কোচ হিসেবে নিজেকে প্রমাণের অপেক্ষায় মুখিয়ে আছেন।
নতুন এই নিয়োগের ব্যপারে মন্তব্য করতে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের স্বত্তাধিকারী নিতা আম্বানি বলেছেন, আধুনিক ক্রিকেটে জয়াবর্ধনে নিজেকে দারুণভাবে প্রমান করেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণদের জন্য সে একজন যথার্থ রোল মডেল। আমি নিশ্চিত সারা বিশ্বে আমাদের যত সমর্থক আছেন সবাই মাহেলাকে আমাদের পরিবারের নতুন এই দায়িত্বে দারুনভাবে স্বাগত জানাবে। তার কাছ থেকে দলের আশাও অনেক।
২০১৩ সালের মুম্বাইয়ের অধিনায়ক ছিলেন পন্টিং। কিন্তু পারফরমেন্সের বিচারে নিজেকে আর সেই পদে না রেখে টুর্নামেন্টের মাঝামাঝিতে রোহিত শর্মার ওপর দায়িত্ব তুলে দেন। ঐ আসরে প্রথমবারের মত শিরোপা জয় করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কোচ হিসেবে পন্টিংয়ের অধীনে মুম্বাই দ্বিতীয়বারের মত শিরোপা লাভ করে ২০১৫ সালে। তবে পরের বছর শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়। মাত্র দুই পয়েন্টের জন্য প্লেঅফ খেলতে ব্যর্থ মুম্বাই পঞ্চম স্থানে থেকে আসর শেষ করে।

দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জয়াবর্ধন ২৫ হাজারেরও বেশি রান করেছেন যার মধ্যে টেস্ট ও ওয়ানডেতে করেছেন ১০ হাজারেরও বেশি রান। ২০১৪ সালে তিনি ক্যারিয়ারের সর্বশেষ ৫৫তম টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ঢাকায় অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপই ছিল তার শেষ আসর।
ইত্তেফাক/এমএইচ
